
আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা সৃষ্টি করতে হবে, যাতে তাঁরা বুঝতে পারেন যে নির্বাচনের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে।
তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-ওর্ন ক্যামেরা কেনা ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে। এর মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।
প্রফেসর ইউনূস আরও বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আইন প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে এমন কাঠামো তৈরি করতে হবে, যেখানে কেউ পরিস্থিতি অবনতির সুযোগ নিতে না পারে।”
বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে যে পরিমাণ বডি-ওর্ন ক্যামেরা আছে, সেগুলো ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরা এসে পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটর করা যাবে। পাশাপাশি প্রতিটি থানা ও জেলা পুলিশ কার্যালয় থেকেও তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।