
বিশ্ব শান্তি কামনায় কুমিল্লা নগরীর মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মাতার মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। পূজাকে ঘিরে সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মন্দির এলাকা।
সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। দুপুরে ভোগ বিরাগ শেষে আগত ভক্ত ও শ্রোতাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে সম্পন্ন হয় পূজার পূর্ণাহুতি।
পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণের দুপাশে বসেছে মেলা। সেখানে নানা ধর্মীয় উপকরণ, খেলনা ও মিষ্টান্নের দোকানে ভিড় জমে শিশু-কিশোরসহ সনাতনী নারী-পুরুষদের। পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজায় শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করা হয়েছে।