বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাসের সমাপনী

বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে বলেন, “সাইবার নিরাপত্তা তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে—মানুষ, প্রক্রিয়া এবং প্রযুক্তি। এর মধ্যে মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যত উন্নত হোক না কেন, সচেতন ব্যবহারকারী ছাড়া তা কার্যকর হয় না। প্রতিটি ক্লিক ও সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা নির্ধারণ করে।”

তিনি আরও বলেন, মাসব্যাপী আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুধু বিমান বাহিনীর সদস্যদের নয়, তাদের পরিবার ও বৃহত্তর সমাজকেও সাইবার নিরাপত্তা বিষয়ে আলোচনায় যুক্ত করেছে।

অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞসহ বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সচেতনতা মাসে কর্মকর্তা, বিমানসেনা ও তাদের পরিবারের জন্য বিশেষ ব্রিফিং, শিক্ষামূলক পোস্টার ও বুকলেট বিতরণ, এবং ইন্টার‍্যাকটিভ সেশন আয়োজন করা হয়।

উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেশের সকল শাহীন স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ১৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর কাছে সাইবার সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়—যা ভবিষ্যৎ প্রজন্মকে সাইবার নিরাপত্তা সম্পর্কে প্রস্তুত করতে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্মানিত বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে একটি সাইবার প্রতিরক্ষা রোডম্যাপ প্রণয়ন করেছে বিমান বাহিনী, যা দেশের নিরাপদ, স্মার্ট ও সার্বভৌম সাইবারস্পেস গঠনের জাতীয় কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই রোডম্যাপ সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এস. এম. শামীম রেজা। তিনি ‘ডিজিটাল যুগে ভুল তথ্য, অপপ্রচার ও সামাজিক মাধ্যমের প্রভাব’ বিষয়ে বক্তব্য রাখেন এবং ডিজিটাল আচরণে দায়িত্বশীলতা ও সমালোচনামূলক চিন্তার গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *