
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫: জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাধারণ মানুষের জন্য সহজবোধ্য আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। এ প্রতিবেদনে কমিশনের সুপারিশ, সভা ও কার্যবিবরণীর বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “এই প্রতিবেদন সাধারণের বোধগম্য একটি সংস্করণে রূপ দিতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে।”
তিনি আরও বলেন, “বইটি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই প্রকাশ করতে হবে। ভবিষ্যতে এটি শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য হয়ে উঠুক, তরুণ প্রজন্ম বইটি পড়ে জানুক এবং তাদের বাবা-মাকেও জানাক এর বিষয়বস্তু।”
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রফেসর আলী রীয়াজ জানান, “আট খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, কমিশনের কাজের প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, এবং সংলাপের পূর্ণ বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এই প্রতিবেদন দেশি-বিদেশি গবেষণার একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।”
এর আগে গতকাল মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে।