এইচএসসি ফল বিপর্যয়ে মেডিকেল ভর্তি নিয়ে অনিশ্চয়তা, জিপিএ শর্ত শিথিলের দাবি

 

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ে বিপাকে পড়েছেন লাখো মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী। কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় অনেকেরই এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তায়। ফলে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র শর্ত শিথিলের দাবি তুলেছেন তারা।

বর্তমান নিয়ম অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি নীতিমালা–২০২৫ অনুসারে, প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৯ থাকতে হবে, এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে।

কিন্তু এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বড় আকারে কমেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের চেয়ে প্রায় ১৯ শতাংশ কম। পাশাপাশি জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

ফলাফলের এই পতনে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জিপিএ শর্ত পূরণ করতে পারবে না বলে আশঙ্কা করছে। তাদের দাবি, “মোট জিপিএ ৯ নয়, ৮ নির্ধারণ করা হলে” বেশি সংখ্যক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে।

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। গত ১৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো এক লিখিত আবেদনে সংস্থাটি মেডিকেল ভর্তি পরীক্ষার জিপিএ শর্ত শিথিলের আহ্বান জানায়।

বিপিএমসিএ সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, গত শিক্ষাবর্ষে (২০২৪–২৫) ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৬০ হাজার ৯৫ জন। সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০ আসনে ভর্তি সম্পন্ন হলেও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫ আসনের মধ্যে ৪৬৭টি আসন শূন্য ছিল।

সংস্থার মতে, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী আগের চেয়ে অনেক কম শিক্ষার্থী ভর্তি পরীক্ষার যোগ্যতা অর্জন করতে পারবে। ফলে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এক হাজারেরও বেশি আসন শূন্য থাকার আশঙ্কা রয়েছে। এতে দেশের চিকিৎসা শিক্ষা খাতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

তাই তারা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট জিপিএ’র শর্ত ৯-এর পরিবর্তে ৮ নির্ধারণের পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড ৪-এর শর্ত বাতিল করে লিখিত বা এমসিকিউ পরীক্ষার ফলের ওপর বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *