মাগুরায় ভোজ্য তেল ফোর্টিফিকেশন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

 

ভোজ্য তেল ফোর্টিফিকেশন বিষয়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “Capacity Building and Dissemination Workshop on Edible Oil Fortification in Bangladesh” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।

২৭ অক্টোবর (সোমবার) জেলা প্রশাসন, মাগুরা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “ভোজ্য তেল ফোর্টিফিকেশন দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের একটি কার্যকর উদ্যোগ। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল অপুষ্টি ও রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও বলেন, “এই কর্মসূচি সফল করতে শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, “নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য। ভোজ্য তেল ফোর্টিফিকেশন শুধু প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি জনস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”

তিনি আরও জানান, মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, উৎপাদকদের সক্ষমতা উন্নয়ন এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে জেলা প্রশাসন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাবে।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *