
লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট চেকপোস্ট এলাকায় ভারতে পাচারের সময় ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব সার জব্দ করেন।
বিজিবি জানায়, জব্দকৃত সারের মধ্যে রয়েছে ১৫২ বস্তা ইউরিয়া, ৭৬ বস্তা ডিএপি এবং ৫ বস্তা এমওপি সার। এর আগে আরও ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “সীমান্ত দিয়ে সার পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সম্প্রতি পাচারকারীরা নানা কৌশলে সার পাচারের চেষ্টা করছে, তবে আমাদের নজরদারি জোরদার করা হয়েছে।”
জব্দ করা সার লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।