স্টার্ট-আপদের জন্য নতুন উদ্যোগে বিসিসির আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস

 

বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া)’ প্রকল্প কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনিয়মিত স্টার্ট-আপদের বরাদ্দ বাতিলের পাশাপাশি নতুন ও যোগ্য স্টার্ট-আপদের জন্য এই আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপরও জোর দেন।

নতুন নীতিমালা বাস্তবায়নের ফলে আইডিয়া প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এখন পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্ট-আপদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে মোট ৫১টি ডেস্কের মধ্যে ৩৩টি বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং বাকি ১৮টি ডেস্কের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এই আধুনিক কো-ওয়ার্কিং স্পেসটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি সৃজনশীল ও উদ্ভাবনী কর্মপরিবেশ নিশ্চিত করছে। এখানে উদ্যোক্তারা পাচ্ছেন ছয় মাস মেয়াদি বিনামূল্যে অফিস স্পেস, উচ্চগতির ইন্টারনেট, মিটিং ও কনফারেন্স রুম, কর্পোরেট নেটওয়ার্কিং সুবিধা এবং আইডিয়া ল্যাব ব্যবহারের সুযোগ।

পুরো আবেদন ও বরাদ্দ প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আবেদন করতে হবে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনকারীদের ট্রেড লাইসেন্স বা বিআইএন কপি, টিআইএন সার্টিফিকেট, প্রতিষ্ঠাতার এনআইডি বা পাসপোর্টের কপি এবং অনুদানপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট চুক্তিপত্রের কপি জমা দিতে হবে।

শুধুমাত্র তথ্যপ্রযুক্তি-ভিত্তিক উদ্ভাবনী স্টার্ট-আপরাই এই কো-ওয়ার্কিং স্পেসের জন্য আবেদন করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *