বাউফলে এনসিপির গ্রাম বৈঠক

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উদ্যোগে এক গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বাউফল ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

বক্তব্যে মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, “আমরা এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে তরুণদের এগিয়ে আসা জরুরি।” তিনি আরও বলেন, “অভ্যুত্থানের নেতৃবৃন্দ শিক্ষিত ও স্মার্ট তরুণদের নিয়ে নতুন বন্দোবস্তের লক্ষ্যে বিপ্লবী রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি–এনসিপি গঠন করেছেন।”

শাহিন বলেন, “ঐতিহ্যবাহী শিক্ষিত জনপদ বাউফলকে উন্নত ও আধুনিক রূপে গড়তে শিক্ষিত, সৎ ও যোগ্য তরুণ নেতৃত্ব প্রয়োজন। স্বপ্নের বাউফল গড়তে তরুণদেরই ভূমিকা রাখতে হবে।”

তিনি ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রার্থী হতে চান এবং স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির পটুয়াখালী জেলা যুগ্ম সমন্বয়কারী বশির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রুহুল আমিন, সদস্য সচিব রিফায়েত কবির খান এবং বগা বাজারের ব্যবসায়ী ফারুকুল ইসলাম মিলন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. জলিলুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *