ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট চাই: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে, অন্যথায় জাতি তা মেনে নেবে না।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে চাপ সৃষ্টি করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে, না হলে জাতি তা মেনে নেবে না।”

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। “কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে,” মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে একদলীয় শাসন ‘বাকশাল’ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে ‘নতুন বাংলাদেশের’ সূচনা করেছিলেন। “দেশপ্রেমিক সেনা ও জনগণ একসঙ্গে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন,” যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব জানান, উপদেষ্টা পরিষদের সঙ্গে চলমান আলোচনা ও সংস্কার প্রক্রিয়ায় তাদের দল পূর্ণ সমর্থন দিয়েছে এবং ঐকমত্যে পৌঁছানো বিষয়ে স্বাক্ষরও করেছে। কিন্তু পরে উপদেষ্টা পরিষদ সেই ঐকমত্য থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে অনেক বিষয় বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

মির্জা ফখরুল বলেন, “তারা আমাদের ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, আমরা এতে একমত নই। যদি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের সিদ্ধান্ত নিতে হয়, তবে এতদিনের আলোচনার অর্থ কী?”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *