ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি : ড. মুহাম্মদ ইউনূস

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামো ও শিল্পসহ সব খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা দেশের আধুনিক অর্থনীতির ভিত্তি গঠনে অপরিসীম অবদান রাখছে।

‘গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, আইডিইবি পেশাজীবী সংগঠন হিসেবে এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন করছে, কারিগরি শিক্ষার প্রচার করছে এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে। তিনি আইডিইবি’র সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’। ড. ইউনূস বলেন, একটি জাতির শক্তি কেবল প্রাকৃতিক সম্পদের মধ্যে নয়, বরং জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইডিইবি’র সদস্যরা অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নের অগ্রভাগে থাকবেন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও দেশের জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ড. ইউনূস ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *