মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘খ্রিস্টান গণহত্যা’ অভিযোগ ও নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকির পর আফ্রিকান ইউনিয়ন (এইউ) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ৫৫ সদস্যের এই আঞ্চলিক জোট যুক্তরাষ্ট্রের একতরফা হুমকির নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।
আফ্রিকান ইউনিয়ন কমিশন এক বিবৃতিতে জানায়, নাইজেরিয়া তাদের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র, যারা সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক স্থিতিশীলতা ও আফ্রিকান ঐক্য প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করছে।
বিবৃতিতে বলা হয়, “আমরা বহিরাগত অংশীদারদের প্রতি আহ্বান জানাই—তারা যেন সামরিক হস্তক্ষেপ বা একতরফা সিদ্ধান্তের পথ না নিয়ে কূটনৈতিক সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতার মাধ্যমে নাইজেরিয়ার সঙ্গে কাজ করে।” একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি নাইজেরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানানো হয়।
এর আগে, গত ১ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তথাকথিত “ইসলামিক সন্ত্রাসীদের” বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান চালাতে তিনি যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি দাবি করেন, নাইজেরিয়ার খ্রিস্টানরা “অস্তিত্বগত হুমকির” মুখে রয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, “নাইজেরিয়াকে ধর্মীয় অসহিষ্ণুতার দেশ হিসেবে দেখানো ভুল ধারণা। সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও বিবেকের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
আফ্রিকান কূটনৈতিক মহলে ট্রাম্পের এই মন্তব্যকে আফ্রিকার সার্বভৌমত্বের প্রতি অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে।