টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাতটি তুলার গুদাম

 

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার মালিকানাধীন তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী ও জহিরুল ইসলামের গুদামে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিটি গুদামে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *