ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের দলের নিবন্ধন বাতিলের দাবি তারেক রহমানের

 

আলোচিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের নেতৃত্বাধীন আম জনগণের পার্টির নিবন্ধন বাতিলের দাবি করেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়ার পর তিনি এই দাবি জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের উদ্দেশে তারেক রহমান বলেন, “ডেসটিনির দল আম জনগণ পার্টির নিবন্ধন বাতিল করুন। এতে আপনি অনেক অভিযোগ থেকে রক্ষা পাবেন।”

নিজের দলের নিবন্ধন না পাওয়ায় কি তিনি প্রতিদ্বন্দ্বী দলের নিবন্ধন বাতিল চান—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক থাকে, আপনি কি ভালোভাবে গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিকুল আমীন রাজনীতিতে ঠিক তেমনই। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা দরকার।”

তিনি আরও বলেন, রফিকুল আমীন জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং তখন কারাগারে ছিলেন। “৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে তিনি জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফসল হিসেবেই তিনি মুক্তি পেয়েছেন, এখন দল করছেন নিজের সম্পদ রক্ষার জন্য।”

তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনো তার দলের নিবন্ধন বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তিনি বলেন, “আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শরীর তা বলছে। ইসির একজন যুগ্ম সচিব বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনে গেছেন, কিন্তু এখনো কোনো জবাব দেননি।”

উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়। এ সিদ্ধান্তের পরই ওই দিন বিকেলে নিজ দলের নিবন্ধন দাবিতে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান, যা এখনো চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *