কুমিল্লা মহেশাঙ্গণে শনিবার (৮ নভেম্বর) পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অনুসারীরা তাদের ধর্মীয় ব্রত ‘রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব’ উদযাপন করেছে। এ উৎসবের মাধ্যমে তারা আপনজনের মঙ্গলার্থে এবং বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি কামনা করেন।
স্থানীয়ভাবে জানা যায়, ১৫ কার্তিকের পর মাসের প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। মহেশাঙ্গণ মন্দির প্রাঙ্গণে উৎসব উপলক্ষে মেলা বসেছে, যেখানে সকল ধর্মের মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ব্রতের প্রথম দিনে কয়েকশ নারী-পুরুষ প্রদীপ, ধুপ, ফল ও ফুল সামনে রেখে একাগ্রচিত্তে আরাধনায় নিমগ্ন হন। দ্বিতীয় দিনে প্রায় দেড় সহস্রাধিক ব্রতী অংশ নেন।
লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল জানান, ব্রতের পূর্বদিন সংযম পালন করতে হয়। উপবাসের পর সন্ধ্যায় প্রদীপ, ধুপ ইত্যাদি নিয়ে আরাধনা শুরু হয়। প্রদীপ জ্বলার সময় কথা বলা বন্ধ রাখতে হয় এবং মনকে একাত্মচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ শেষ হলে মন্দির থেকে চালকলা বিতরণ করা হয়, যা পুণ্যার্থীরা খায় এবং অনেকে বিপদ-আপদে তা ব্যবহার করেন।
সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক বলেন, আগে এই ব্রত বারদীতে অনুষ্ঠিত হতো। মহেশাঙ্গণে ৩৩ বছর আগে প্রথম এই আরাধনা শুরু হয় এবং এখন সারাদেশে লোকনাথ মন্দিরে ব্রত পালিত হচ্ছে। বাসায় বসে অনেকে এই ব্রত পালন করছেন।
ব্রতী অর্পিতা সরকার বলেন, আপনজনের মঙ্গল কামনা এবং রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য এ ব্রত পালন করা হয়।