তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ। সফরের অংশ হিসেবে আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল এডমিরাল আশরাফকে গার্ড অব অনার প্রদান করে, তিনি তা পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পাকিস্তান হাইকমিশনার, পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, ডিফেন্স অ্যাটাশে, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরের শুরুতে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালীন সময়ে এডমিরাল নাভিদ আশরাফ বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবেন।
অন্যদিকে একই সময় পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ (PNS SAIF) শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটির কর্মকর্তা ও নৌ সদস্যরা বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনী ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ‘পিএনএস সাইফ’ পরিদর্শন করবেন, যা উভয় দেশের নৌ সদস্যদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।
পাকিস্তান নৌবাহিনী প্রধান ও ‘পিএনএস সাইফ’ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।