মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৯ অক্টোবর (রোববার) থেকে শুরু হয়েছে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনের খেলায় বিভিন্ন বিভাগে বাংলাদেশি খেলোয়াড়রা দারুণ সাফল্য দেখিয়েছেন।
ওপেন বিভাগে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মরিশাসের ল্যাম কিন চিউং স্টেফানকে এবং তাশরিক সায়হান শান কেনিয়ার এগনিস মেরিকে পরাজিত করেন।
বালিকা অনূর্ধ্ব–১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা মালয়েশিয়ার ফুন ভেন ভিউকে হারান। ওপেন অনূর্ধ্ব–১৪ বিভাগে মো. জায়ান খান মরিশাসের রিতো সাহিলকে, অনূর্ধ্ব–১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান মালয়েশিয়ার নিও কেসনকে এবং বালিকা অনূর্ধ্ব–১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা মালদ্বীপের কাওথার মোহামেদ শামকে পরাজিত করেন।
এছাড়া ওপেন অনূর্ধ্ব–১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ভারতের প্রিয়াংশ জিগারকুমার জরিওয়ালাকে, বালিকা অনূর্ধ্ব–১০ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার মালয়েশিয়ার লানা আইশা বিনতে আশরাফকে এবং ওপেন অনূর্ধ্ব–৮ বিভাগে আজান মাহমুদ মালয়েশিয়ার চ্যাং ই চেসকে হারান।
তবে বালিকা অনূর্ধ্ব–১৬ বিভাগে জান্নাতুল প্রীতি দক্ষিণ আফ্রিকার মাহাদিও শ্রীয়ার কাছে এবং আলিশা হায়দার সিঙ্গাপুরের হুয়াং এনিয়ার কাছে হেরে যান।
ওপেন বিভাগে কমনওয়েলথভুক্ত ১৬ দেশের ৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৯৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এছাড়া বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে দেড় শতাধিক খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন।