যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বর্তমানে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শনিবার যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর অভিষেক সম্পন্ন হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জ্যেষ্ঠতম অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে “কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন।
অভিষেক উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ শেষে মেজর জেনারেল নাসিম পারভেজ উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য দেন। তিনি আধুনিক যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ নিরাপত্তা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে সিগন্যাল কোরের সদস্যদের এসব ক্ষেত্রে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিজি, ডিজিডিপি; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডারসহ সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিগন্যাল ইউনিটের অধিনায়কেরা, সেনা কর্মকর্তারা ও বিভিন্ন পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।