ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে করা মন্তব্যটি ‘অযথার্থ’ এবং ‘কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী’।
শনিবার সরকারি সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, “আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।”
ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।”
এই সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করে ভারতের গণমাধ্যম ফার্স্টপোস্ট।
মুখপাত্র মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সব সময় ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
আলম যোগ করেন, “বাংলাদেশ বিশ্বাস করে, দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব।”
সাক্ষাৎকারে রাজনাথ সিং আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো দ্বন্দ্ব বা টানাপোড়েন চায় না।