বরিশালের বানারীপাড়ায় জাতীয় স্মৃতিসৌধের আদলে একটি আঞ্চলিক স্মৃতিসৌধ নির্মাণ করছে উপজেলা প্রশাসন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর সেনাদের ত্যাগ স্মরণে উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দন এই স্মৃতিসৌধের নির্মাণকাজ চলছে জোরেশোরে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে স্মৃতিসৌধটির নির্মাণকাজ শুরু হয়। এটি সম্পূর্ণ হলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর স্থায়ী কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা করছে প্রশাসন।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান বলেন,
“জাতীয় স্মৃতিসৌধের আদলে এই ক্ষুদ্র স্মৃতিসৌধ নির্মাণের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে, ঐতিহাসিক দিনগুলো স্মরণ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারা জানান, দীর্ঘদিন পর তাদের ত্যাগের ইতিহাস ধরে রাখার এমন একটি স্থাপনা নির্মাণ হওয়ায় তারা গর্বিত ও আবেগাপ্লুত।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠনের সদস্যরা বলেন, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে অনুপ্রেরণা জোগাবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আরও দৃঢ় করবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মৃতিসৌধটির সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।