তরুণদের গড়ে তুলতে বিএনসিসির মান বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নের পথে সম্পৃক্ত করতে হলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মান ও অন্তর্ভুক্তি আরও জোরদার করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদের উপস্থাপনা “ন্যাশনাল ট্রান্সফরমেশন থ্রু বিএনসিসি” শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

উপস্থাপনায় ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদ বিএনসিসির বর্তমান কাঠামো, দক্ষতা উন্নয়ন পরিকল্পনা, বাজেট, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ৫৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান বিএনসিসির সঙ্গে যুক্ত এবং লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ প্রশিক্ষিত ক্যাডেট গড়ে তোলা।

অধ্যাপক ইউনুস বলেন, “আমরা সবাই বিএনসিসির পক্ষে। তবে আমাদের মানের দিকেও নজর দিতে হবে। দক্ষ ও বিশ্বাসযোগ্য প্রশিক্ষক থাকা জরুরি। আমাদের ভাবতে হবে ভবিষ্যতের কথা, প্রস্তুত হতে হবে আগামীর জন্য।”

তিনি বিএনসিসিকে আত্মসম্মান, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তির শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করে বলেন, “বিএনসিসি শুধু ছেলেদের সংগঠন নয়; মেয়েদের সমান অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের সার্টিফিকেট যেন ক্যাডেটদের কর্মসংস্থানে সহায়ক হয় এবং তাদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিএনসিসিকে আরও কার্যকর ও সক্রিয় করতে হবে। ভাবতে হবে, কোন পরিস্থিতিতে আমরা এই স্বেচ্ছাসেবকদের কাজে লাগাতে পারি।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, “বিএনসিসির সদস্যরা সাম্প্রতিক জাতীয় ঘটনাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের পর তারা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করেছেন—এটি ছিল অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

সভা শেষে অধ্যাপক ইউনুস বিএনসিসির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার জাতীয় রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *