বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর ২০২৫) নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া একটি মাছ ধরার ট্রলার ‘মদিনা-৬’ এবং ২৪ জন জেলেকে উদ্ধার করেছে।
মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় ট্রলারটি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ র্যাডারের মাধ্যমে ট্রলারটিকে বিপদগ্রস্ত হিসেবে শনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। জেলেরা জানায়, ইঞ্জিন বিকল হওয়ায় তারা গভীর সমুদ্রে ভাসছিল এবং কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না।
নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করেন। দুর্ঘটনাকবলিত ট্রলাটি ২৯ অক্টোবর কুতুবদিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেছিল। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনী ট্রলারটি টোয়িং করে ৩৫ মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে নিরাপদে হিরণপয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনের নিকট হস্তান্তর করে।
বর্তমানে ট্রলারে থাকা ২৪ জন জেলে সবাই সুস্থ আছে। নৌবাহিনী এই ধরনের টহল ও উদ্ধার কার্যক্রমের মাধ্যমে দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করছে।