জুনিয়র বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ যুব হকি দল

 

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য `FIH HOCKEY MEN’S JUNIOR WORLD CUP TAMIL NADU 2025’ এ অংশগ্রহণ করবে বাংলাদেশ যুব হকি দল।

এ উপলক্ষে ০৯ নভেম্বর, রবিবার ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশন ও ‘Meet the Press’ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, যিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাসীভাবে খেলার মূল্যবান উপদেশ প্রদান করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ হকি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বকাপে মোট ২৪টি দেশ ৬টি পুলে ভাগ হয়ে খেলবে। এশিয়ার প্রতিনিধিত্বকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, চীন, জাপান, কোরিয়া ও ওমান। বাংলাদেশ ‘এফ’ পুলে খেলবে, যেখানে রয়েছে হকির শক্তিশালী দল ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়া। পুল পর্বে বাংলাদেশ ২৯ নভেম্বর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হবে।

যুব বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ যুব হকি দল জুলাই থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত পাঁচ মাসের অনুশীলন ক্যাম্প এবং মালয়েশিয়ায় একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

এভাবে দীর্ঘ প্রস্তুতির পর বাংলাদেশ যুব হকি দল বিশ্বকাপে নিজেদের সক্ষমতা প্রমাণ করার লক্ষ্যে ভারতের মাটিতে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *