তত্ত্বাবধায়ক সরকার বাতিল মামলার রায় ২০ নভেম্বর

 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা মামলার আপিলের রায় ঘোষণার দিন আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (১১ নভেম্বর) দশম দিনের শুনানি শেষে এ দিন ধার্য করেন।

এর আগে গত ৬ নভেম্বর নবম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামী’র পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, এবং পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া।

১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।

পরে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। ওই রায়ের পর সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে, যা একই বছরের ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়।

এ রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। আদালত গত ২৭ আগস্ট ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে ২১ অক্টোবর থেকে শুনানি শুরু করে।

অন্যদিকে, গত বছরের ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা নিয়ে এই মামলার রায়কে বাংলাদেশের সংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *