সিরিয়ায় জিই-সিমেন্সের টারবাইন লড়াই

 

দীর্ঘ যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার বিদ্যুৎ খাত পুনর্গঠনে বড় অংশীদার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল ইলেকট্রিক (জিই) ভার্নোভা এবং জার্মানির সিমেন্স এনার্জি। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই শিল্প জায়ান্ট সিরিয়ার ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি মেগা প্রকল্পে গ্যাস টারবাইন সরবরাহের জন্য উচ্চপর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছে ।

সিরিয়ার কাতারভিত্তিক পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিং সম্প্রতি দেশটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিরিয়ায় গড়ে তোলা হবে চারটি কম্বাইন্ড-সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্র, যার মোট উৎপাদন ক্ষমতা হবে ৪,০০০ মেগাওয়াট। পাশাপাশি থাকবে বড় আকারের সৌর বিদ্যুৎ প্রকল্পও ।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। এর ফলে পশ্চিমা কোম্পানিগুলোর জন্য সিরিয়ায় ব্যবসা করার পথ অনেকটাই সহজ হয়ে গেছে। এই সুযোগ কাজে লাগাতে চাইছে জিই ভার্নোভা ও সিমেন্স এনার্জি ।

এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে আলোচনা অত্যন্ত অগ্রগামী পর্যায়ে বলে জানিয়েছে একাধিক সূত্র। যদি চুক্তি চূড়ান্ত হয়, তবে এটি সিরিয়ার যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে এ যাবৎকালের অন্যতম বড় বিদেশি বিনিয়োগ হবে ।

বিদ্যুৎ উৎপাদন বাড়লে সিরিয়ার অর্থনীতি নতুন করে চাঙা হতে পারে। পাশাপাশি, বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক বার্তা যাবে পুরো অঞ্চলে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই প্রকল্প সফল হলে, সিরিয়া শুধু বিদ্যুৎ নয়—নতুন একটি ভবিষ্যতের দিকেও এগিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *