টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ছোট পাথার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের জন্য একটি মিনি পার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল রনী পার্কটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া, ৩নং গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে মিনি পার্কটি স্থাপন করা হয়েছে। পার্কটিতে দোলনা, স্লিপার, ব্যালান্সার, বাস্কেটবল কোর্ট ও মানচিত্রসহ শিশুদের উপযোগী নানা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে থাকা সময়টিকে আরও আনন্দময় করতে উপজেলার আরও ১৫টি বিদ্যালয়ে এমন মিনি পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে।