বাউফলে তরমুজ লুটপাট: আসামি র‌্যাবের হাতে

পটুয়াখালী জেলার বাউফলে তরমুজবাহী ট্রলার ডাকাতির ঘটনায় মূল আসামি কামাল হোসেন (৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব। পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার অভিযান শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৪ টার দিকে ভোলার দক্ষিণ দিগালদি এলাকার নিজ বাড়ি থেকে র‌্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্প যৌথভাবে চালায়।

জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বাদীর মালিকানাধীন একটি ট্রলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের কপালবেড়া এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। ট্রলারে আনুমানিক ১৫ লাখ টাকার তরমুজ ছিল।

পথে বাউফলের নাজিরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে সশস্ত্র ডাকাতরা ট্রলার আটকিয়ে কৃষকদের মারধর করে এবং পুরো ট্রলারভর্তি তরমুজ লুট করে নিয়ে যায়। ঘটনার সময় অন্তত পাঁচজন কৃষক আহত হন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাউফল থানায় বাদী কৃষক শহিদুল মাতব্বর অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ আহসান বলেন, “অভিযুক্ত ডাকাতদের গ্রেফতারে র‌্যাব সর্বদা তৎপর। জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন করতে অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *