সচেতনতা গড়ে তুলতে বিশ্ব ডায়াবেটিস দিবসে নানা আয়োজন

 

“কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। শনিবার সকালে কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে টাউনহল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঝাউতলা ও পুলিশ লাইন ঘুরে ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা আয়োজন করা হয়।

র‍্যালির উদ্বোধন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অজিত কুমার পাল।

এদিকে একই দিনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের যৌথ উদ্যোগে খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম।

প্রবীণ শিক্ষক ও ছড়াকার জহিরুল হক দুলাল, সাংবাদিক খায়রুল আহসান মানিক, দৈনিক আমার শহরের সম্পাদক ও প্রকাশক মোঃ গাজীউল হক ভূঁইয়া (সোহাগ) এবং সাংবাদিক ও এডভোকেট তাপস চন্দ্র সরকারসহ কয়েকজন ব্যক্তির পরীক্ষা করেই কার্যক্রমের সূচনা হয়।

ডা. মোঃ আতাউর রহমান জসীম বলেন, নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং নিয়মিত চেকআপ—এসবের মাধ্যমেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কর্মস্থলে নিজেদের পাশাপাশি সহকর্মীদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।

কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক শ‍্যামল মজুমদার, গাইনি কনসালটেন্ট ডা. উম্মে কুলছুম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সোহানা আয়মান, মেডিকেল অফিসার ডা. আমেনা আক্তারসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপুলসংখ্যক রোগী-স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *