বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস’ ফোরামের সহযোগিতায় ঢাকায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় অংশ নেন ২৫টি বিশ্ববিদ্যালয় কমিটির কনভেনার, কো–কনভেনার ও নির্বাহী সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। উপস্থিত ছিলেন সহায়ক কমিটির সদস্যবৃন্দ ও বেসিস সচিবালয়ের প্রতিনিধিরা।
বেসিস স্টুডেন্টস’ ফোরাম প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রযুক্তিচর্চা আরও শক্তিশালী করা, শিল্প–বিশ্ববিদ্যালয় সহযোগিতা বৃদ্ধি এবং তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে উৎসাহিত করাই এ মতবিনিময়ের প্রধান উদ্দেশ্য।
সভায় গত বছরের কার্যক্রম পর্যালোচনা, আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয় জোরদার করা, আগামী বছরের পরিকল্পনা এবং বেসিসের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগের সঙ্গে শিক্ষার্থীদের কর্মপরিকল্পনার সামঞ্জস্য—এসব বিষয়ে আলোচনা হয়। শেষে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা পর্ব ও নেটওয়ার্কিং সেশন।
সভাপতির বক্তব্যে বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, তরুণ সমাজই আগামী দিনের প্রযুক্তি খাতের প্রধান শক্তি। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হাতে–কলমে শেখে এবং শিল্পের চাহিদা বুঝে দক্ষতা অর্জন করে, তাহলে দেশের আইসিটি খাত আরও এগিয়ে যাবে। স্টুডেন্টস’ ফোরামের নেতৃত্ব দিচ্ছেন যারা, তারা এই পরিবর্তনের সামনে থাকা শক্তি। বেসিস সবসময় তাদের পাশে থাকবে।”
বেসিস মনে করে, এই মতবিনিময় সভার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয় আরও দৃঢ় হবে, নির্বাহী সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং ২০২৬ সালের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা সম্ভব হবে।