মেলবোর্নে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু; বাংলাদেশি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন–২০২৫’ শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবারের প্রদর্শনীতে বাংলাদেশ থেকে ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে—আজ এক তথ্য বিবরণীতে এমনটাই জানানো হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে ১১টি তৈরি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান নিজেদের নতুন সংগ্রহ নিয়ে মেলবোর্নের ক্রেতাদের সামনে হাজির হয়েছে। পাশাপাশি পাটজাত পণ্য উৎপাদনকারী আরও একটি প্রতিষ্ঠান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।

আজ প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যসামগ্রীর স্টল উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন। তার সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (মেলা ও প্রদর্শনী) মাহমুদুল হাসান, কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা।

বিশ্বের ২০টি দেশের প্রায় ৬০০ প্রতিষ্ঠান এবারের এক্সপোতে অংশ নিয়েছে। সিডনি ও মেলবোর্নে বছরে দুইবার এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী হয়। নতুন বাজার সন্ধান, আমদানিকারক–রপ্তানিকারকদের মধ্যে সরাসরি যোগাযোগ, এবং পণ্যের পরিচিতি বৃদ্ধির জন্য এ আয়োজনকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এর মধ্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের ৯৩ শতাংশই তৈরি পোশাক। বর্তমানে বাংলাদেশ দেশটির ২৩তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *