বানারীপাড়ায় শুরু হলো স্কুল ফিডিং কর্মসূচি

 

বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এর উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়, ইউআরসি ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন, নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সরকারি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, উপজেলা ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন ও স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বায়েজিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি মনে করেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন পরিকল্পনা সফল হলে শিশুদের শিক্ষা আরও সুদৃঢ় হবে এবং তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

বক্তারা জানান, স্কুল ফিডিং কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত চালু থাকবে। দেশের ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখের বেশি শিক্ষার্থী সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার পাবে। তাদের দেওয়া হবে ফর্টিফাইড বিস্কুট, বনরুটি, ডিম, কলা বা মৌসুমি ফল এবং ইউএইচটি দুধ।

বানারীপাড়ায় মোট ১৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচির অন্তর্ভুক্ত। স্থানীয় মানুষ এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সরকারের এমন পরিকল্পনাকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *