কুমিল্লার নৃ-সিংহ মন্দিরে লীলা কীর্তনে ভক্তদের ঢল

 

কুমিল্লা নগরীর ছাতিপট্টিস্থ নৃ-সিংহ দেব মন্দির প্রাঙ্গণ সোমবার রাতে ভরে ওঠে ভক্তদের উপস্থিতিতে। আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ কুমিল্লার উদ্যোগে আয়োজিত লীলা কীর্তনে অংশ নিতে শহরজুড়ে ভক্ত-শ্রোতাদের ঢল নেমে আসে।

ভারত থেকে আগত শিল্পী তনুশ্রী চৌধুরীর পরিবেশনায় মনোমুগ্ধকর লীলা কীর্তন মুগ্ধ করে সহস্রাধিক উপস্থিত ভক্তকে। দামোদর মাস উপলক্ষে মাসব্যাপী চলা ভাগবত পাঠ ও নাম সংকীর্তনের সমাপনী দিন ছিল এ আয়োজন। এর আগে ভাগবত পাঠ ও নাম সংকীর্তন পরিচালনা করেন শ্রীকৃষ্ণ কান্ত ভৌমিক ও অধ্যাপক দিলীপ মজুমদার।

মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃতি ভক্তদের পদক ও উপঢৌকনে সম্মানিত করা হয় শ্রী বলদেব সংঘের পক্ষ থেকে।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন কুমিল্লা নৃ-সিংহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ বাংলাদেশের সভাপতি রঞ্জীত কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন সংঘের কুমিল্লা জেলা সভাপতি রঞ্জীত কুমার বণিক, অধ্যাপক ড. বিশ্বজিৎ দেব, অধ্যক্ষ তাপস কুমার বকসী ও অধ্যাপক দিলীপ মজুমদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বলদেব সংঘের সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী ও কাজল দেব। সার্বিক সহযোগিতায় ছিলেন নৃ-সিংহ দেব মন্দির উৎসব কমিটির সাধারণ সম্পাদক কিশোর দেবনাথ।

অনুষ্ঠান শেষে প্রদীপ কুমার সাহার ব্যবস্থাপনায় সহস্রাধিক ভক্তের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *