কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পদ্মা নদীতে ডুঙ্গা নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর গ্রামের আব্দুর রশিদ (৫৮) ও মো. মামুন (২৮)। ঘটনায় আহত হয়েছেন শরিফুল ইসলাম ও ইউসুফ আলী।
স্থানীয় সাংবাদিক ও নিহতদের প্রতিবেশী এস এম রওনক জানান, ভোরে চারজন মিলে একটি ছোট ডুঙ্গা নৌকায় চড়ে চরের কৃষিজমিতে যাচ্ছিলেন। নদীর মাঝপথে হঠাৎ নৌকায় পানি ঢুকতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকাটি উলটে ডুবে যায়। স্থানীয়রা নদীতে ঝাঁপ দিয়ে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রশিদ ও মামুনকে মৃত ঘোষণা করেন।
আহত শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই নদী পার হয়ে আখ লাগাতে যাচ্ছিলেন তারা। কিছুদূর যেতেই নৌকা কাত হয়ে ডুবে যায়। তিনি কোনোভাবে সাঁতার কেটে কিনারায় উঠতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, “ওদের পরেই আমরাও নদী পার হতাম। কিন্তু হঠাৎ দেখি ছোট নৌকাটা দুলতে দুলতে ডুবে গেল। আমরা কয়েকজন সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দু’জনকে তুলে আনি।”
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, যেহেতু ঘটনাটি নদীতে ঘটেছে তাই তদন্ত করছে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ–পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম রনি জানান, একই গ্রামের দুই জনের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। নৌ–পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর এটিকে স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করে এবং পরে ধর্মীয় রীতি অনুযায়ী নিহতদের দাফন সম্পন্ন হয়।