বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে শুক্রবার (২১ নভেম্বর) থেকে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের আবেদন ফরম বিতরণ শুরু করবে। দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ নভেম্বর অনুষ্ঠিত সিপিবির সভা থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়। মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণ করা হবে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে স্থাপিত নির্বাচনী দপ্তর থেকে। প্রতিটি আবেদনের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির পক্ষে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি চলছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণপরিবহনে ভাড়া কমানো, চট্টগ্রাম বন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদেশিদের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, এবং ভোটের আগে রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করার দাবি পুনর্ব্যক্ত করেছে দলটি।