দৌলতপুরে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

 

কুষ্টিয়ার দৌলতপুরে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কৃষক মো. ইসরাফিলের জমিতে ব্রি-ধান-১০৩ জাতের ধানের শস্য কর্তন করা হয়।

নমুনা শস্য কর্তনের মাধ্যমে চলতি মৌসুমে এ জাতের ধানের গড় উৎপাদন নির্ণয় করা হয়। কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সার সরবরাহ ও সেচ সুবিধা থাকায় এ মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। ইসরাফিলের জমির শস্য কর্তনের ফলাফল অনুযায়ী, বিঘা প্রতি উৎপাদন হয়েছে ২১ থেকে ২২ মণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. ওহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান সহকারী অফিসার মো. সাহানুর রহমান এবং উপজেলা পরিসংখ্যান অফিসের চেইনম্যান সাদ্দাম হোসেন।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে দৌলতপুরে রোপা আমন ধান আবাদ হয়েছে ১৯ হাজার ৮৮০ হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তাদের আশা, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে সার্বিক ফলন সন্তোষজনক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *