অর্জিত জ্ঞান জাতির সেবায় লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার

 

মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে তিনি বলেন, ডিএসসিএসসি দেশের সামরিক শিক্ষায় উৎকর্ষতার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি গ্র্যাজুয়েশন সম্পন্নকারী সবাইকে অভিনন্দন জানিয়ে তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতির অগ্রগতিতে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির বিষয়টিও তিনি প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী প্রধান উপদেষ্টার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এক বছরের কঠোর প্রশিক্ষণে অর্জিত দক্ষতা সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করবে। কোর্স সফলভাবে আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগসহ সব অংশীজনকে ধন্যবাদ জানান।

এ বছর কোর্সটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন, বিমান বাহিনীর ৩৬ জন, পুলিশের ৩ জনসহ মোট ২৫৪ জন বাংলাদেশি কর্মকর্তা অংশ নেন। পাশাপাশি চীন, ভারত, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, তুরস্কসহ ২৫টি দেশের ৫৮ জন বিদেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এদের মধ্যে ১৪ জন নারী কর্মকর্তা ছিলেন, যার মধ্যে বাংলাদেশ পুলিশের একজন নারী কর্মকর্তাও রয়েছেন। এটি নারীর অন্তর্ভুক্তি ও নেতৃত্বে অগ্রযাত্রার প্রতীক বলে উল্লেখ করা হয়।

ডিএসসিএসসি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৬,৮১৪ জন কর্মকর্তা এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫,৩২৯ জন, বাংলাদেশ পুলিশের ২০ জন এবং ৪৫টি দেশের ১,৪৬৫ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে সেনা ও নৌ বাহিনী প্রধান, বিদেশি রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *