জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানালেন ভিপি নুর

পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা উপজেলার জনসভায় তিনি এই ঘোষণা দেন।

নুরুল হক নুর বলেন, “এই আসনে আমাদের প্রার্থী থাকছে, অন্য কোনো দলের প্রার্থী থাকবে না। অন্য কোনো আসনে আমরা প্রার্থী দিচ্ছি না; সেখানে অন্য দলের প্রার্থী থাকবে। কারণ আমরা চাই, গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধ থেকে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করুন।”

তিনি আরও জানান, তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আসন–সমঝোতা নিয়ে আলোচনা করছেন। কিন্তু আঞ্চলিক নেতাদের অতিউৎসাহী আচরণের কারণে জাতীয় ঐক্য ক্ষতির মুখে পড়তে পারে। “জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে দেশে নতুন সংকট তৈরি হবে—আমরা সেই ফাঁদে পা দেব না,” তিনি যোগ করেন।

নুরুল হক নুর বলেন, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। তিনি বলেন, “জুলাই–আগস্টে ছাত্র–যুবক–জনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছেন ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। সেই লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি।”

এছাড়া তিনি দেশীয় রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, গত ১৬ বছরে রাজনৈতিক নেতাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই সহস্রাধিক ছাত্র–যুবক–জনতার মৃত্যুসহ সাড়ে পাঁচ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *