গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য দুইজন ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবীকে বিশেষ দায়িত্ব দিয়েছে। এই নিয়োগ এক বছরের জন্য এবং সম্পূর্ণ অবৈতনিক।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ব্রিটিশ আইনজীবী জনাব আফজাল জামী সৈয়দ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল এডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রসিকিউশনের মামলাগুলো পরিচালনায় বিশেষ পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।
এ ছাড়া ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের কাজ ও অবস্থান তুলে ধরার দায়িত্ব পালন করবেন।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত এই দু’জন আইনজীবীর আন্তর্জাতিক অভিজ্ঞতা ট্রাইব্যুনালের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।