বাংলাদেশে অনলাইন বই বিক্রিতে শীর্ষ প্রতিষ্ঠান রকমারি ডটকম ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত রকমারিতে সর্বাধিক বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন–ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার–একাডেমিক—এই চার বিভাগে মোট ৫৬টি পুরস্কার দেওয়া হয়।
শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রঙিন আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রকমারির সহপ্রতিষ্ঠাতা জুবায়ের বিন আমিন, এহতেশামস রাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৩০০–এর বেশি লেখক, পাঠক, প্রকাশক ও বই-শিল্পের কর্মীদের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে।
চার বিভাগে প্রথম স্থান অর্জন করেন—
ফিকশন: ইলমা বেহরোজ
নন-ফিকশন: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন
ধর্মীয়: ড. মিজানুর রহমান আজহারি
ক্যারিয়ার–একাডেমিক: কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ
এ বিভাগগুলোর সেরা বিক্রিত বইগুলো হলো— আমি পদ্মজা, ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স, এক নজরে কুরআন এবং জোবায়ের’স জিকে (সাধারণ জ্ঞান)।
অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপ‚র্ণ ঘোষণা আসে অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের কাছ থেকে। তিনি জানান, বই শিল্পে কাজ করা শ্রমিকদের সন্তানদের জন্য ‘প্রজেক্ট হাসিমুখ’ নামে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় ছাপাখানার শ্রমিক, বাঁধাইকারী, টুকরিওয়ালা সহ বই-সম্পর্কিত সব কর্মীর সন্তানদের বছরে মোট ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
তিনি বলেন, লেখকের লেখা পাঠকের হাতে পৌঁছাতে একটি শক্তিশালী কাঠামো দরকার। প্রকাশক, লেখক ও রকমারি একসঙ্গে কাজ করে সেই কাঠামো আরও সুসংগঠিত করবে।
ফিকশন থেকে ক্যারিয়ার–একাডেমিক—সব বিভাগেই আরও ৬ জন করে শ্রেষ্ঠ লেখককে সম্মাননা দেওয়া হয়। একইভাবে চার বিভাগে অতিরিক্ত ৬টি করে বেস্টসেলার বইয়ের তালিকাও প্রকাশ করে রকমারি।
সমাপনী বক্তব্যে রকমারির চেয়ারম্যান জানান, দেশের ৫৬ হাজার বর্গমাইলকে বইয়ে ভরিয়ে তোলার স্বপ্ন নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। তিনি পাঠাভ্যাস বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
পরিপাটি আয়োজনে শেষ হয় দেশের অনলাইন বই শিল্পের অন্যতম বড় এই সম্মাননা অনুষ্ঠান।