চট্টগ্রামে এস.এ. গ্রুপের সঙ্গে বাংলালিংকের করপোরেট চুক্তি

 

চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাল সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই নতুন এই অংশীদারিত্ব।

চুক্তির আওতায় এস.এ. গ্রুপকে করপোরেট কানেক্টিভিটি, ফিল্ড ফোর্স লোকেটর সার্ভিস, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমসহ একাধিক ব্যবসায়িক সমাধান দেবে বাংলালিংক। এসব সেবা প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা, নতুন গ্রাহকের কাছে পৌঁছানো এবং ব্যবসার পরিধি বাড়াতে সহায়তা করবে।

সম্প্রতি চট্টগ্রামে এস.এ. গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর হয়। বাংলালিংকের পক্ষে স্বাক্ষর করেন এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজীন। এস.এ. গ্রুপের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠানে রুবাইয়াত আলম তানজীন বলেন, বাংলালিংক দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আধুনিক ডিজিটাল সমাধান দিচ্ছে। এস.এ. গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব তাদের সেই সক্ষমতারই প্রমাণ। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এস.এ. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বলেন, বাংলালিংকের সঙ্গে এই চুক্তি ডিজিটাল খাত ও এফএমসিজি খাতের সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নত কানেক্টিভিটি ও কাস্টমাইজড সেবা ব্যবহার করে তারা গ্রাহকদের আরও দ্রুত ও ঝামেলাহীন সেবা দিতে পারবেন বলে তিনি জানান।

সরল, কার্যকর এবং গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণে দুই প্রতিষ্ঠানের এই সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি হবে—এমনটাই জানানো হয় অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *