জাপানের ওকায়ামা প্রিফেকচারের কোজিমা শহরে রয়েছে একটি অনন্য রাস্তা—জিন্স স্ট্রিট। শুধু নামেই নয়, পুরো এলাকাই যেন ডেনিমের রাজ্য। নিউইয়র্ক টাইমস–এর তথ্য অনুযায়ী, এখানে শুধু জিন্স কেনা যায় না, ডেনিমকে ঘিরে গড়ে ওঠা জাপানের বিশেষ সংস্কৃতি কাছ থেকে দেখার সুযোগও মেলে।
১৯৬০-এর দশকে কোজিমার স্থানীয় কারখানাগুলো জাপানি জিন্স তৈরির কাজ শুরু করে। তখন তারা মূলত আমেরিকান ডেনিম অনুকরণ করত। পরে নিজেদের কারিগরি দক্ষতা ও রঙের অনন্যতা দিয়ে তৈরি করে জাপানিরা নিজেদের বিশেষ পরিচয়। এখন বিশ্বজুড়ে “জাপান ব্লু” নামে পরিচিত গাঢ় নীল ডেনিম কোজিমারই সৃষ্টি।
প্রায় ৪০টি দোকান নিয়ে সাজানো এই স্ট্রিটে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড—মোমোতারো জিন্স, বিগ জন, জাপান ব্লু, গ্রাফজিরোসহ আরও অনেক নাম। হাতে তৈরি সেলভেজ জিন্স, কাস্টম ডিজাইন, সীমিত সংস্করণ—সবই পাওয়া যায়। বিশেষ করে মোমোতারো জিন্স তাদের দীর্ঘমেয়াদি গ্যারান্টিযুক্ত জিন্সের জন্য পরিচিত।
জিন্স স্ট্রিটে হাঁটলেই বুঝতে পারবেন এটি শুধু বাজার নয়—এটি যেন খোলা মঞ্চ। রাস্তার নীল রঙের চিহ্ন, দোকানের সামনে ঝুলে থাকা বিভিন্ন জিন্স, এমনকি নীল রঙের আইসক্রিমও নজর কাড়ে। পর্যটকরা চাইলে নিজের হাতে জিন্স তৈরির অভিজ্ঞতাও নিতে পারেন—ফেব্রিক, সেলাই, বাটন সবই নিজের মতো বেছে নেওয়ার সুযোগ থাকে।
ওকায়ামা স্টেশন থেকে ট্রেনে মাত্র ৩৫ মিনিটে কোজিমা স্টেশন পৌঁছানো যায়। সেখান থেকে হাঁটলেই জিন্স স্ট্রিট। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে। বসন্ত আর শরৎকাল ভ্রমণের জন্য সেরা সময়।
জাপানে গেলে শুধু টোকিও বা কিয়োটো নয়, কোজিমার জিন্স স্ট্রিটও হতে পারে নতুন এক অভিজ্ঞতার ঠিকানা। ডেনিম ভালো না–বাসলেও এই জায়গাটি জাপানের কারিগরি দক্ষতা বুঝতে সাহায্য করবে। নিউইয়র্ক টাইমসের ভাষায়—এটি সত্যিকারের “ডেনিম নির্বাণ” খুঁজে পাওয়ার স্থান।