অস্ত্র মামলার আসামি সুজন মাহমুদ গ্রেপ্তার

 

ইবি থানা পুলিশ কুষ্টিয়ার চরমপন্থী লিপটন গ্রুপের অন্যতম সদস্য সুজন মাহমুদকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সুজন মাহমুদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আত্মগোপনে থাকার পর নিজের বাড়ি দূর্বাচারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সুজন মাহমুদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন। তার ফেসবুক আইডিতে রাজনৈতিক নেতাদের সঙ্গে তোলা ছবি এবং একে-৪৭ অস্ত্র হাতে বিভিন্ন ছবি পাওয়া গেছে বলে দাবি তাদের।

এলাকাবাসীর বক্তব্য, লিপটন গ্রুপের সেকেন্ড ইন-কমান্ড হিসেবে সুজন দীর্ঘদিন ধরে অস্ত্র ভান্ডার রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। নাসির ইকবাল পাঞ্জু হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ মদদের অভিযোগও তারা তুলে ধরেন। স্থানীয়দের মতে, তাকে রিমান্ডে নিলে লিপটন গ্রুপের অস্ত্রভান্ডারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার সম্ভব হতে পারে।

ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, “তার নামে অস্ত্র মামলায় ওয়ারেন্ট জারি হয়েছিল। সেই ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *