কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর–ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ চত্বরে এই কর্মসূচি শুরু হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”।
দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। র্যালীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং কয়েকশ খামারি অংশ নেন। র্যালীটি উপজেলা বাজারসহ প্রধান সড়ক ঘুরে প্রাণিসম্পদ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তৃতা দেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হোসেন আহমেদ স্বপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আক্কাস উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাক আহমেদসহ স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা। বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় জাত সংরক্ষণ ও প্রাণিসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেন।
এবারের প্রদর্শনীতে গরু, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, গরুর দুধসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি নিয়ে মোট ৩৬টি স্টল অংশ নেয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, প্রদর্শনী সপ্তাহব্যাপী চলবে এবং শেষ দিনে সেরা স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।