ভেড়ামারায় ধানের খেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখ পুড়িয়ে বিকৃত করা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার একটি ধানের মাঠ থেকে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানায়, নিহতের বয়স প্রায় ৪০ বছর। ধারণা করা হচ্ছে, তাঁকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ পুড়িয়ে বিকৃত করে এখানে ফেলে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *