এমআইএসটিতে আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন সফলভাবে শেষ

 

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘রোবোলিউশন ২০২৫’ এবং ৪র্থ আইইইই রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আইওটি সম্মেলন (রাইকন) ২৭–২৮ নভেম্বর এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা ও গবেষণার অগ্রযাত্রাকে সামনে রেখে এ আয়োজনকে দেশের প্রযুক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

দ্বিতীয় দিনে ড্রোন রেসিং, ব্যাটল অব বটস, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস এবং রোবো অলিম্পিয়াডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ড্রোন নিয়ন্ত্রণ, বট ডিজাইন ও প্রযুক্তি প্রয়োগে তারা উচ্চমানের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়। তরুণ গবেষকদের নতুন ভাবনা, সমস্যা সমাধানের ক্ষমতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিই ছিল দিনব্যাপী অনুষ্ঠানের মূল আকর্ষণ।

একই দিনে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন। রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি–বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন, আলোচনা এবং অভিজ্ঞতা শেয়ার করেন দেশি–বিদেশি বিশেষজ্ঞরা। এমআইএসটি রোবোটিক্স ক্লাব ও আইইইই বাংলাদেশ সেকশন যৌথভাবে এই সেশনগুলো পরিচালনা করে। গবেষক, শিক্ষক ও শিল্পখাতের বিশেষজ্ঞদের জন্য এটি ছিল অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর মঞ্চ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান। তিনি বলেন, উদ্ভাবন ও প্রযুক্তিগত নেতৃত্ব দেশের অগ্রগতিকে এগিয়ে নেয়। তরুণদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আয়োজক, স্পনসর, বিচারক ও স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, এমআইএসটি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রোবোলিউশন ও রাইকনের মতো আয়োজন তরুণ উদ্ভাবকদের আরও উৎসাহিত করবে।

আয়োজকদের মতে, দুই দিনব্যাপী এই উৎসব দেশের প্রযুক্তি খাতে উদ্ভাবন, সহযোগিতা ও মেধা বিকাশের গতি আরও বাড়াবে। অংশগ্রহণকারীরা নতুন উদ্দীপনায় প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *