দৌলতপুরে যুবদল–ছাত্রদলের বিক্ষোভ

 

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা ও বানোয়াট’ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজারে তিন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি হয়।

বিক্ষোভ মিছিলটি ভাগজত বাজার থেকে কাস্টম মোড় সড়ক প্রদক্ষিণ করে আবার ভাগজত বাজারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। নেতাকর্মীরা অভিযোগ করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুল বিশ্বাস আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলের প্রভাবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। এতে তাদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলেও তারা দাবি করেন।

সমাবেশ থেকে মাহাবুল বিশ্বাসের বিরুদ্ধে দেওয়া অভিযোগ প্রত্যাহার এবং তার পদত্যাগ দাবি করা হয়। বক্তারা আরও বলেন, স্বৈরাচার পতনের পরও আওয়ামী লীগের ‘দোসর’রা এলাকায় অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সানজিত হাসান ইমন, ডি কে পারভেজ, এমপি চাপা, সামিউল ইসলাম সাগর, জাহিদ হাসান রনি, মো. মহিদুল ইসলামসহ আরও অনেকে।

অন্যদিকে ঘটনাটি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুল বিশ্বাস। তিনি বলেন, তার এলাকায় কাবিখার একটি কাজ চলাকালে ব্যবহৃত ভেকু মেশিনের চাবি কয়েকজন স্থানীয় যুবক নিয়ে যায়। তিনি বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করলে তারা চাবিটি ফিরিয়ে দেয়। এরপর থেকেই কিছু যুবক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বলে দাবি করেন মাহাবুল।

তিনি আরও বলেন, “আমার নামে যে যা লিখুক—এতে আমার কিছু যায় আসে না।”

দুই পক্ষের ভিন্ন বক্তব্যে এলাকায় উত্তেজনা থাকলেও এখনো বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *