ঢাকা-১০ সংসদীয় আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি রবিবার (৩০ নভেম্বর ) ধানমণ্ডি আবাহনী মাঠ ইজারা বাতিলের দাবিতে এলাকাবাসীর সঙ্গে মানববন্ধন করেন।
মিলি বলেন, সরকারিভাবে সাধারণ মানুষের খেলার মাঠগুলো প্রাইভেট কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়েছে, যা এলাকাবাসী ও শিশু-কিশোরদের সঙ্গে অন্যায় আচরণ। তিনি দ্রুত এসব ইজারা বাতিল করে মাঠগুলো সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।
তিনি আরও জানান, আবাহনী মাঠের খেলোয়াড়, মাঠকর্মী, কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধান বের করা হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি—আবাহনী মাঠকে সম্পূর্ণ ইজারা মুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা—তিনি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
ইজারার আইনি প্রক্রিয়া চলমান থাকায় অন্তত সপ্তাহে দুইদিন—শুক্রবার ও শনিবার—মাঠটি সবার জন্য খুলে দেওয়ার অনুরোধ জানান মিলি। তিনি মাঠের চারপাশের অস্থায়ী স্থাপনা অপসারণ, মাঠকে খেলাযোগ্য পরিবেশে পুনর্গঠন এবং মাঠকর্মীদের বেতন বৃদ্ধি করে সেবা উন্নত করার দাবি তোলেন।
মানববন্ধনে ধানমণ্ডির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।