বিওএ’র সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

 

কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে রবিবার (৩০ নভেম্বর ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় তিনি দেশের বিভিন্ন স্থান থেকে আসা সদস্যদের ধন্যবাদ জানান। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্ষম জাতি গঠনের গুরুত্ব তুলে ধরেন। সাম্প্রতিক ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ দলের পদক অর্জনেও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

তিনি জানান, ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের নির্মাণ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকারি সহযোগিতাও কামনা করেন।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের বিওএ’র কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২৮ কোটি টাকার বাজেটও পাস করা হয়। এছাড়া বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ’র এ্যাফিলিয়েশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বতর্মান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০২৫-২০২৯ পর্যন্ত বাড়ানো হয়। সভায় নির্বাচনের চূড়ান্ত ফলও উপস্থাপন করা হয়।

সভাপতি নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিবসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং ক্রীড়া উন্নয়নে তাদের ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। বিদায়ী কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। নির্বাচন কমিশনার ও কমিশন সদস্যদের সফল নির্বাচন আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি সভার কার্যক্রম শেষ ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *