আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম ‘কাউন্সিল অব দ্য কলেজ’ সভা রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সামরিক চিকিৎসা সার্ভিসের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মোঃ রশীদ-উন-নবী, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান, কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাসুদুল আলম মজুমদার, বিইউপি-এর উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলমসহ প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কলেজের বাজেট, ভর্তি প্রক্রিয়া, পেশাগত পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ৪ জন বিদেশি ক্যাডেটের ভর্তি এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ফিলিস্তিনের ২ জন শিক্ষার্থীর ভর্তি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি এএফএমসি থেকে পাশ করা ইন্টার্ন চিকিৎসকদের সিএমএইচ ঢাকায় চিকিৎসা সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান কলেজের নতুন একাডেমিক ভবনের সম্প্রসারণ, ছাত্রীনিবাসের বিস্তার, মসজিদ কমপ্লেক্স, দর্শক গ্যালারি ও মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯৯৭ সালে প্রতিষ্ঠা এবং ১৯৯৯ সালে ৫৬ জন ক্যাডেট নিয়ে যাত্রা শুরুর পর থেকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের গুরুত্বপূর্ণ সরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে কলেজটিতে ছয়টি শিক্ষাবর্ষে মোট ৭৬০ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২২ ব্যাচে ১,৯০৮ জন চিকিৎসক প্রস্তুত হয়েছে, এর মধ্যে ১০০ জন বিদেশি। সেনাবাহিনীর ৫৪৭ জন চিকিৎসক দেশ-বিদেশে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছেন।
এএফএমসি-এর শিক্ষা মান বিভিন্ন এমবিবিএস পরীক্ষায় ধারাবাহিকভাবে সেরা অবস্থানে থাকে। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও বর্তমানে এটি সশস্ত্র বাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধিভুক্ত।
দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি মেডিকেল কলেজ হিসেবে হরতাল বা অবরোধের মতো পরিস্থিতি এখানে শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে না। ২০০৫ সাল থেকে কলেজটি “JAFMC” নামে একটি আন্তর্জাতিক মানের মেডিকেল জার্নাল প্রকাশ করে আসছে। জার্নালটিতে ISSN, DOAJ, INASP, HINARI নিবন্ধন রয়েছে এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদিত।
সভায় কলেজের ধারাবাহিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এএফএমসি-র শিক্ষার মান ও আন্তর্জাতিক অংশগ্রহণ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।