ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন: সিইসি

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৭ই ডিসেম্বর)সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত আছে। তিনি প্রস্তুতিমূলক কাজে সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।

সিইসি আরও বলেন, দেশের নাগরিকরা ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন, যা সামগ্রিকভাবে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি জানান, “জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে ইসিই মূল নেতৃত্ব দেবে, আর আমরা সবাই মিলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো।”

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশকে একটি সুন্দর ও ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *